রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জোর করে আত্মসমর্পণ করানো সম্ভব নয়: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক

সামরিক শক্তি কিংবা চাপ প্রয়োগ করে কোনো জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক সফরে জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের অবস্থান তুলে ধরবেন পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানি জনগণের অভিযোগ, সংঘটিত বিভিন্ন অপরাধ এবং আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হওয়া অবিশ্বাসের বিষয়গুলোও তিনি তুলে ধরবেন।

যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পেজেশকিয়ান বলেন, ইরান অতীতে একাধিকবার আলোচনার টেবিলে বসেছে এবং চুক্তিতে সই করেছে। কিন্তু এসব চুক্তির প্রতিশ্রুতি রক্ষা ও বাস্তবায়ন নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ইরান আলোচনায় গেছে এবং চুক্তি করেছে। কিন্তু পরবর্তী সময়ে চুক্তি লঙ্ঘন ও প্রতিশ্রুতি পূরণ না হওয়ার বিষয়টি পুরো বিশ্ব প্রত্যক্ষ করেছে।

পেজেশকিয়ানের অভিযোগ, ইরানকে চাপে ফেলতে দেশটির বিরোধীরা বিভিন্ন পথ বন্ধ করার চেষ্টা করছে। তার দাবি, সামরিক উপায়ে ইরানকে নতি স্বীকার করাতে ব্যর্থ হয়ে এখন অন্য ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, স্থল ও আকাশপথ বন্ধ করা, অভ্যন্তরীণ বিভাজন উসকে দেওয়া, গণমাধ্যম ও জাতিগত গোষ্ঠীগুলোকে ব্যবহার করা এবং দেশের দুর্বলতাগুলো কাজে লাগানোর মাধ্যমে ইরানকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এসব পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে ইরানি জনগণকে এমন অবস্থায় নিয়ে যাওয়া, যাতে তারা আত্মসমর্পণে বাধ্য হয়। তবে সামরিক শক্তি প্রয়োগ করে কোনো জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

পেজেশকিয়ান গাজা, ফিলিস্তিন, সিরিয়া ও ইয়েমেনসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলের পরিস্থিতির কথাও তুলে ধরেন। তার মতে, এসব অঞ্চলে চলমান ঘটনাপ্রবাহ শক্তি প্রয়োগ ও সামরিক চাপের সীমাবদ্ধতার বাস্তব চিত্র সামনে আনছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বের মানুষ এসব ঘটনার প্রত্যক্ষদর্শী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এর বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে।

নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে পেজেশকিয়ানের বক্তব্য এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে জাতিসংঘকে ঘিরে দুই দেশের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন