আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার ম্যাচে বিশেষ নকশার জার্সি পরবেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিশেষ জার্সির ছবি প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক নিজেই।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটিকে জাতীয় দলের হয়ে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।
ইনস্টাগ্রামে জার্সির ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ… সারা জীবনের জন্য একটি জার্সি।’ তার প্রকাশিত নকশায় আর্জেন্টিনার প্রচলিত জার্সির সঙ্গে বেশ কিছু পরিবর্তন রাখা হয়েছে।
বিশেষ এই জার্সিতে আকাশি রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে। মাঝ বরাবর রয়েছে একটি সাদা উল্লম্ব স্ট্রাইপ। তবে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে জার্সির পেছনের অংশে। সেখানে মেসির নাম ও ঐতিহাসিক ১০ নম্বর লেখা থাকবে সোনালি রঙে।
জার্সির পেছনের অংশে আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘সান অব মে’ বা ‘সূর্য মে’-এর নকশাও যুক্ত করা হয়েছে। মেসির জাতীয় দলের দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তিকে স্মরণীয় করে তুলতেই বিশেষ এই নকশা করা হয়েছে।
জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে এই জার্সিই পরে মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টাইন তারকার। দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা জেতা মেসির বিদায়ী ম্যাচ ঘিরে তাই আলাদা আগ্রহ তৈরি হয়েছে।
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
তবে এই দুটি ম্যাচে মেসি থাকবেন না। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিতেই জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা রয়েছে তার।
মেসির বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের খেলোয়াড়দেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে ম্যাচটি শুধু মেসির বিদায় নয়, বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্যও একটি বিশেষ আয়োজন হয়ে উঠতে পারে।

