রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

অবশেষে চূড়ান্ত হলো প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ

নিউজ ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ ও পদায়নের সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু করতে হবে। এরপর ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন তারা। চূড়ান্ত পদায়নের আদেশ জারি হবে ৪ অক্টোবর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এ বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়ে মাঠপর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র দিতে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শেষ করার কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থীর নিয়োগপত্র নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু করা সম্ভব না হলে এর সুনির্দিষ্ট কারণ জানাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর কোটাসংক্রান্ত তথ্য ও মতামতসহ বিস্তারিত তালিকা আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

তবে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের সময়সূচি পরে জানানো হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

চূড়ান্ত নিয়োগপত্র হস্তান্তরের আগে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা ও বয়সসংক্রান্ত সব মূল সনদপত্র কঠোরভাবে যাচাই করতে বলা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, ২০২৫ সালের ৩০ নভেম্বর সাধারণ প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে।

বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না। পাশাপাশি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া স্বাস্থ্যগত সনদ এবং ডোপ টেস্টের রিপোর্ট নিশ্চিত হওয়ার পরই চূড়ান্ত নিয়োগ আদেশ দেওয়া হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পুলিশ ভেরিফিকেশন কিংবা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তদন্ত প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ পর্যবেক্ষণ পাওয়া গেলে তার নিয়োগ আদেশ স্থগিত থাকবে।

একইভাবে ডোপ টেস্টের প্রতিবেদনে কোনো অসংগতি ধরা পড়লেও সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ স্থগিত রাখা হবে।

পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলায় গত ৯ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন।

সব আনুষ্ঠানিকতা শেষে গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছিল।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এখন নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু, যোগদান ও চূড়ান্ত পদায়নের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন