রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ভোটের প্রস্তুতি নিয়ে ইসির হঠাৎ পরিবর্তন

নিউজ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একের পর এক প্রস্তুতিমূলক কার্যক্রম নেওয়ার পর এখন সেই তৎপরতায় ভাটা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের পর এবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘোষিত সংলাপও স্থগিত করেছে কমিশন। ফলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত, ভোটকেন্দ্র নির্ধারণ, নতুন আচরণবিধি জারি, বাজেট প্রণয়ন ও নির্বাচনী সামগ্রী কেনাকাটাসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিয়েছিল ইসি। ২৭ আগস্ট সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে।

এর ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর কমিশনের এক বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ১২ নভেম্বর থেকে সাত ধাপে ৮০টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। ধাপে ধাপে ভোট শেষ করার সম্ভাব্য সময় হিসেবে ২০২৭ সালের ২৭ মে পর্যন্ত সময়ের কথা বলা হয়েছিল।

তবে ওই পরিকল্পনা নিয়ে পরদিনই সরকারের পক্ষ থেকে ভিন্ন বার্তা আসে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কিছু জানে না। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।

এরপর ইসি সচিব আখতার আহমেদ জানান, ১২ নভেম্বর থেকে ভোট শুরুর পরিকল্পনাটি ছিল প্রাথমিক। ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের সঙ্গে বৈঠকের পর নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করার কথা জানান তিনি।

১৭ সেপ্টেম্বরের বৈঠক শেষে ইসি জানায়, আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার বিষয়ে অংশীজনদের মধ্যে ঐকমত্য হয়েছে। তবে নভেম্বর-ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা এবং বন্যায় শিক্ষা কার্যক্রমে ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ভোট শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

এরপরই কমিশনের প্রস্তুতিমূলক কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসে। ২১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করে ইসি। এর আগে বৈঠকটি স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আয়োজনের কথা ছিল।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নিতে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর তিন দিনে সংলাপের পরিকল্পনা করেছিল কমিশন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখা জানায়, সেই সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, সংলাপটি আপাতত স্থগিত রয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনের সামগ্রিক পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর সংলাপের নতুন সময়সূচি নির্ধারণ করা হতে পারে বলে ইসি সূত্রে জানা গেছে।

ইসি সূত্র ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, নভেম্বর-ডিসেম্বরে পাবলিক পরীক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি এখন বড় বিবেচনায় এসেছে। এ কারণে ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদের ভোট শুরুর আগের পরিকল্পনা থেকে সরে এসে আগামী বছরের জানুয়ারি থেকে নির্বাচন শুরু করার সম্ভাবনা নিয়ে ভাবছে কমিশন। তবে জানুয়ারির সময়সূচিও এখনো চূড়ান্ত নয়।

ফলে সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা এবং নভেম্বর থেকে ভোট শুরুর যে প্রস্তুতি নিয়ে ইসি এগোচ্ছিল, তা এখন আর নিশ্চিত পরিকল্পনা হিসেবে থাকছে না। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ স্থগিত হওয়ায় স্থানীয় সরকার নির্বাচন কবে ও কীভাবে শুরু হবে, তা নিয়ে নতুন করে অপেক্ষা তৈরি হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন