সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে অধিবেশনে অংশ নেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে জাতিসংঘ সদরদপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’ থেকে অধিবেশনস্থলে যান প্রধানমন্ত্রী। সাধারণ পরিষদের মিলনায়তনে আসনগুলো বর্ণানুক্রমে নির্ধারিত হওয়ায় ‘বি’ আদ্যক্ষরের বাংলাদেশ প্রতিনিধিদল প্রথম সারিতে আসন পায়।

অধিবেশনস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। মিলনায়তনে প্রবেশের পর তিনি ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানকে অভিবাদন জানান এবং পরে নির্ধারিত আসনে বসেন। এরপর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বোধনী বক্তব্য দেন।

উল্লেখ্য, গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে বাংলাদেশের প্রার্থী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

এবারের সাধারণ বিতর্কে বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু গুরুত্ব পাচ্ছে।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের এই বৈশ্বিক ফোরামে এটিই হবে তাঁর প্রথম ভাষণ। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং তাঁর জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। মঙ্গলবার তিনি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসাইন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলজ-এমের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।

এ ছাড়া বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে দেওয়া ‘ওয়েলকাম ব্রেকফাস্টে’ অংশ নেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন