ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ‘কারিগর’ বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি। একই সঙ্গে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা সম্মান করার আহ্বান জানিয়েছেন তিনি।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, নেতানিয়াহুর বিষয়ে তিনি যেভাবে মনে করেন, সেভাবেই তাকে বর্ণনা করেছেন। তার ভাষ্য, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার সঙ্গে জড়িত।
নেতানিয়াহু নিউইয়র্কে সফরে এলে তাকে গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়ে কয়েক মাস ধরে বক্তব্য দিয়ে আসছিলেন মামদানি। তবে সম্প্রতি নিজের অবস্থানে কিছুটা পরিবর্তনের কথা জানিয়েছেন তিনি।
মামদানি স্বীকার করেছেন, নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঠেকানোর কোনো ক্ষমতা তার নেই। একই সঙ্গে নেতানিয়াহুর সফরের প্রতিবাদে আয়োজিত পরিকল্পিত বিক্ষোভেও তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন।
গাজায় ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গও সাক্ষাৎকারে উঠে আসে।
মামদানি বলেন, তিনি মনে করেন আইসিসির এই পরোয়ানাকে সম্মান করা উচিত। তার মতে, রাজনীতিতে মানুষের আস্থা ও জবাবদিহির প্রশ্নের সঙ্গে বিষয়টি সরাসরি সম্পর্কিত।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি আইন লঙ্ঘনের অভিযোগে কাউকে গ্রেপ্তারের যোগ্য মনে করে, তাহলে কেউই আইনের ঊর্ধ্বে থাকা উচিত নয়। তার মতে, এই নীতি সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত এবং সবাইকে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
এদিকে আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর।

