সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকগুলোতে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্র্যাকটিস করতেও নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে এ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি না দেওয়া এবং ওই এলাকার বিদ্যমান বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্র্যাকটিস না করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সভার কার্যবিবরণীর আলোকে সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের এই নির্দেশনা বাস্তবায়ন হলে সরকারি হাসপাতালের আশপাশে বেসরকারি ক্লিনিক স্থাপন এবং সরকারি হাসপাতালের চিকিৎসকদের ওইসব প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ কার্যকর হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন