রাজধানী ঢাকা ও আশপাশের শহরতলি এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থের মাধ্যমে শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুৎ সরবরাহ আরও নির্ভরযোগ্য, দক্ষ ও স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ অবকাঠামো উন্নত করা হবে।
রাজধানীর আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় এসব পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ করে। ফলে প্রকল্পটি বাস্তবায়িত হলে এসব এলাকার ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় বিতরণ নেটওয়ার্কের সক্ষমতা বাড়বে।
এডিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পের আওতায় ৫২টি সাবস্টেশনে মোট ১ হাজার ১৫০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার (এমভিএ) নতুন ট্রান্সফরমার সক্ষমতা স্থাপন করা হবে।
পাশাপাশি ১২টি বিদ্যমান সাবস্টেশনের সক্ষমতা আরও ১১৫ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার বাড়ানো হবে। এর ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত চাপ কমানো সম্ভব হবে।
প্রকল্পের আওতায় ২ হাজার ৬০০ কিলোমিটারের বেশি ওভারহেড ও ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ অথবা আধুনিকায়ন করা হবে।
এ ছাড়া বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে ইনসুলেটেড কন্ডাক্টর স্থাপন করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কারিগরি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিতরণ নেটওয়ার্ককে আরও নিরাপদ ও স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
এডিবির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা ও এর আশপাশের দ্রুত নগরায়ণ ও শিল্পায়ন হওয়া এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়বে এবং গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে অবকাঠামোগত সক্ষমতা আরও শক্তিশালী হবে।

