প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব সরকারের ওপর থাকলেও জনগণের কাছে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরা প্রয়োজন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ইন্টারভিউ আপনারা নেন না কেন? আমি তো দিয়েছি, অনেক দিয়েছি।’ দেশি-বিদেশি বিভিন্ন মহলের দেশের পরিস্থিতি ও বিরোধী দলের চিন্তাভাবনা জানার আগ্রহ রয়েছে উল্লেখ করে তিনি সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও গণমাধ্যমে প্রকাশের প্রয়োজনীয়তার কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য জাতির শোনা দরকার, একইভাবে বিরোধী দলের বক্তব্যও মানুষের জানা প্রয়োজন। তবে রাষ্ট্রের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর থাকায় তাঁর বক্তব্যকে গুরুত্ব দিয়ে তুলে ধরার কথাও বলেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও তিনি গণমাধ্যমে কথা বলবেন। তবে একসঙ্গে অতিরিক্ত সাক্ষাৎকার দেওয়ার বিষয়েও ভারসাম্য রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘দিলেও মুসিবত, না দিলেও মুসিবত। এইটার মাঝখানে একটা যুক্তিসংগত কিছু একটা করা হবে ইনশাআল্লাহ।’
দেশ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে এবং দেশ সংকটে পড়লে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
গণমাধ্যমকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হিসেবে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তাঁর মতে, আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ। গণমাধ্যম দায়িত্বশীল থাকলে রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও দায়িত্বশীলতা বাড়ে বলেও মন্তব্য করেন তিনি।
জনগণের দাবি নিয়ে কোনো রাজনৈতিক দল কর্মসূচি দিলে সেটিকে শুধু দলীয় প্রচারণা হিসেবে না দেখে জনস্বার্থের বিষয় হিসেবে যুক্তিনির্ভর ও ন্যায্যভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ক্রেডিটের জন্য আন্দোলন করছি না। আমরা জনগণের অধিকার পাহারা দেওয়ার জন্য আন্দোলন করছি।’
গণমাধ্যমের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যোগাযোগ আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেন জামায়াত আমির। গুরুত্বপূর্ণ কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য যাতে সাংবাদিকরা সময়মতো পান, সে বিষয়ে দলীয় মিডিয়া বিভাগকে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে হবে। কোনো ব্যক্তি বা সরকারের বিষয়ে একপাক্ষিক বয়ান তৈরি হলে তা সমাজের জন্য ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন তিনি।

