রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪

নিউজ ডেস্ক

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জন কিশোরকে আটক করেছে জেলা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, গত শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম শাহরিয়ার নিহত হওয়ার ঘটনার পর কিশোর গ্যাংবিরোধী এটি পুলিশের বড় ধরনের অভিযান। ওই ঘটনার পর কিশোরদের অপরাধে সম্পৃক্ততা ঠেকাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।

অভিযানের পর কুমিল্লার সদর দক্ষিণ, কোতোয়ালি ও দাউদকান্দি মডেল থানায় আটক কিশোরদের অভিভাবকদের ভিড় দেখা যায়। বুধবার রাত ৮টার দিকে শতাধিক অভিভাবক সন্তানদের ছাড়িয়ে নিতে দাউদকান্দি মডেল থানার সামনে জড়ো হন।

এ সময় কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বলে জানা গেছে। থানার ভেতরের আসবাবপত্র ও একটি দরজার অংশ ভাঙচুরের অভিযোগও ওঠে। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে থানায় হামলা বা ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।

তিনি বলেন, সন্ধ্যা থেকে কিশোর গ্যাংয়ের সদস্যদের শনাক্ত করতে থানা ও গৌরীপুর তদন্তকেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করেছে। আটক কিশোরদের বিষয়ে জানতে পেরে তাদের অভিভাবকেরা থানায় এসে সন্তানদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।

ওসি বলেন, কেউ কেউ থানার বাইরে থেকে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন। ভিড়ের মধ্যে একটি পুরোনো দরজার একটি অংশ খুলে ভেঙে যায়। এ ছাড়া মানুষের ভিড়ে কয়েকটি চেয়ার উল্টে পড়ে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি বলেন, এরই পরিপ্রেক্ষিতে জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মতো তথ্য পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন