রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সাত মাসে দুই দফা জ্বালানির দাম বাড়িয়ে দেউলিয়াত্বের পরিচয়: মঞ্জু

নিউজ ডেস্ক

সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পুরো দায় সরকার জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। হঠাৎ করে নেওয়া এই সিদ্ধান্তের প্রভাব দেশের বিভিন্ন খাতের পাশাপাশি সাধারণ মানুষের জীবনেও পড়বে।

তিনি বলেন, জ্বালানির দাম বাড়ানোর ফলে পরিবহন, কৃষি, সেচ ও পণ্য পরিবহনের ব্যয় বাড়তে পারে। এর প্রভাব ধীরে ধীরে বিভিন্ন পণ্য ও সেবার দামের ওপরও পড়ার আশঙ্কা রয়েছে।

সরকার তেল পাচার রোধের কথা বলে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে—এমন বক্তব্যের সমালোচনা করেন এবি পার্টির চেয়ারম্যান।

মঞ্জু বলেন, তেল পাচার রোধ করতে না পারা সরকারের ব্যর্থতা। পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে এর দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, সরকার ফ্যামিলি কার্ডের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। কিন্তু যারা এই কার্ডের আওতায় নেই, তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, সরকারের সহায়তা কর্মসূচিতে কার্ডের আওতার বাইরে থাকা মানুষের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে এর প্রভাব সাধারণ মানুষের ওপর যাতে কম পড়ে, সে বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মজিবুর রহমান মঞ্জু।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন