সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন জাইমা রহমান

নিউজ ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

খলিলুর রহমানের সভাপতির কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি। জাতিসংঘ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জাইমা রহমান কার্যালয়ের আইন কর্মকর্তা হিসেবে আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন।

খলিলুর রহমানের কার্যালয়ে ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম। তিনি দীর্ঘদিন ধরে কূটনৈতিক পেশায় যুক্ত এবং এর আগে বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মোয়াজ্জেম হোসেন। তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে রয়েছেন মাফিজুল ইসলাম।

টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির আহমেদ। আর বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রফিকুল আলম মোল্লা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি আগামী এক বছর সাধারণ পরিষদের কার্যক্রমে সভাপতিত্ব করবেন।

খলিলুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেবেন তারেক রহমান।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

আইন বিষয়ে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন জাইমা রহমান। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন তিনি। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও উত্তীর্ণ হন।

জাতিসংঘ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের নিয়মিত কর্মী নন এবং সংস্থা থেকে সরাসরি কোনো নিয়মিত বেতন পান না। সভাপতির বেতন-ভাতা, আবাসন বা বাড়িভাড়াসহ বিভিন্ন খরচ সাধারণত তাঁর নিজ দেশ বা সরকার বহন করে থাকে।

তবে কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও সভাপতির কার্যালয়ের নির্দিষ্ট কিছু ব্যয় নির্বাহ করা হয়ে থাকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন