সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

পে স্কেলের নতুন কাঠামোয় ৮ ধাপে বাড়বে পেনশন

নিউজ ডেস্ক

নতুন পে স্কেলে অবসরভোগীদের পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় চাকরিকাল বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে পেনশনের হারও বাড়বে। বিশেষ করে কম সময় চাকরি করে অবসরে যাওয়া ব্যক্তিদের জন্য তুলনামূলক বেশি হারে পেনশন নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে। নতুন বিধানগুলো গত ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি পর্যন্ত ধরা হয়েছে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে।

চাকরিকাল অনুযায়ী পেনশনের হার নির্ধারণ করা হয়েছে এভাবে—৫ বছর চাকরিতে মূল বেতনের ২১ শতাংশ, ১০ বছরে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ, ২০ বছরে ৭২ শতাংশ, ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ, ২৪ বছরে ৮৭ শতাংশ এবং ২৫ বছর বা তার বেশি চাকরিকালে সর্বোচ্চ ৯০ শতাংশ।

অর্থাৎ, পাঁচ বছর চাকরি করলে সর্বশেষ মূল বেতনের ২১ শতাংশ হারে পেনশন নির্ধারিত হবে। চাকরিকাল ১০, ১৫ ও ২০ বছর পূর্ণ হলে পেনশনের হার যথাক্রমে ৩৬, ৫৪ ও ৭২ শতাংশে উন্নীত হবে। এরপর ২১ থেকে ২৪ বছর পর্যন্ত প্রতি বছর পেনশনের হার বাড়বে। ২৫ বছর বা তার বেশি চাকরিকালে মূল বেতনের ৯০ শতাংশ হারে পেনশন নির্ধারিত হবে।

নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের হার অপরিবর্তিত রাখা হয়েছে। পাঁচ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরিকালের ক্ষেত্রে প্রতি টাকায় ২৬৫ টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম চাকরিকালের জন্য প্রতি টাকায় ২৬০ টাকা, ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিকালে প্রতি টাকায় ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিকালে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক দেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন