রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫১টি মামলা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩১ জন, লালবাগ থেকে ৪৪, ওয়ারী থেকে ৫৪, মতিঝিল থেকে ৭৫, তেজগাঁও থেকে ৯৬, মিরপুর থেকে ৯২, গুলশান থেকে ৪৬ এবং উত্তরা বিভাগ থেকে ৯৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ১৬ জন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫ পিস ইয়াবা ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

