সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মহেশখালী টার্মিনালে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

নিউজ ডেস্ক

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্রান্সফার ফের শুরু হওয়ায় দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পেট্রোবাংলা জানায়, মহেশখালী ভাসমান টার্মিনালে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে টার্মিনালে ট্রান্সফার কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে গ্যাস সরবরাহ পরিস্থিতিরও উন্নতি হচ্ছে এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে সরবরাহ ব্যবস্থা।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পেট্রোবাংলা জানিয়েছিল, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস ট্রান্সফার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এতে পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহসহ সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কমে যায়।

তখন পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হয়েছিল, বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে দ্রুততম সময়ের মধ্যে এলএনজি ট্রান্সফার কার্যক্রম স্বাভাবিক হবে। এরই ধারাবাহিকতায় শুক্রবার টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর শুরু হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন