দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন। এর মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ১০১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত শিশুর মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫ জনের।
এ ছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন।

