সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের পক্ষে বাংলাদেশের জোরালো আহ্বান

নিউজ ডেস্ক

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবিতেও দৃঢ় সমর্থন জানিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আয়োজিত ‘দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য বৈশ্বিক জোট’-এর উচ্চপর্যায়ের মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বক্তব্য দেওয়ার সময় শামা ওবায়েদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের নিজস্ব মালিকানা ও স্পষ্ট জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী গাজায় যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনসংখ্যাগত পরিবর্তন ঠেকানোর আহ্বান জানান। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অবিলম্বে বন্ধ এবং ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় নিয়োজিত জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর আইনি সুরক্ষা ও নিরবচ্ছিন্ন অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান বিশ্ব সম্প্রদায়ের প্রতি।

বৈঠকে বিভিন্ন সদস্য দেশের মন্ত্রী, প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় ফিলিস্তিন-ইসরায়েল সংকটের রাজনৈতিক সমাধান হিসেবে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন