রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হাটহাজারীতে পিস্তল-এলজিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান (এলজি), দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলিসহ মো. নাছির উদ্দীন (৪৩) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে হাটহাজারী মডেল থানার ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজারসংলগ্ন পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে নাছির উদ্দীনের বসতঘরে অভিযান চালানো হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিমি পিস্তলের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ জব্দ করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন দাবি করেন, তার বন্ধু রাউজান উপজেলার বাসিন্দা মো. তৈয়ব (৪৫) প্রায় তিন থেকে চার মাস আগে বিদেশে যাওয়ার সময় এসব অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখে যান। দেশে ফিরে তৈয়ব অস্ত্রগুলো নিয়ে যাওয়ার কথা ছিল বলেও জানান তিনি।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে রাখার অভিযোগে নাছির উদ্দীন ও পলাতক মো. তৈয়েবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

তিনি জানান, পলাতক আসামি তৈয়বকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন