জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও বিএনপি সেটিকে ক্ষমতা হিসেবে দেখে না, বরং দায়িত্ব হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ আবারও বিএনপির প্রতি আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এটি ক্ষমতা নয়, দায়িত্ব। জনগণের প্রয়োজন পূরণ, তাদের কষ্ট লাঘব এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটে বিএনপি সব সময় মানুষের পাশে থেকেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগ্রামেও দলটি ভূমিকা রেখেছে। জনগণের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই মানুষ বারবার বিএনপির প্রতি আস্থা রেখেছে বলে দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ১৯৭৫ সালের জানুয়ারিতে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছিল। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন বলে উল্লেখ করেন তিনি। ১৯৮২ সালে সামরিক শাসন জারির পরও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যায়। ১৯৯১ সালের নির্বাচনের পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বলেও তিনি দাবি করেন।
দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, দেশের অর্থনীতি যখনই সংকটে পড়েছে, তখন তা পুনরুদ্ধার ও উন্নয়নে বিএনপি ভূমিকা রেখেছে। বর্তমান সরকারও দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে কাজ করছে বলে জানান তিনি।
দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে তিনি বলেন, নির্বাচিত সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিতে বাধা সৃষ্টি হলে শেষ পর্যন্ত সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিরোধী দলগুলোর প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, কোনো কর্মসূচির সমালোচনার পাশাপাশি বিকল্প ও আরও কার্যকর প্রস্তাবও তুলে ধরা উচিত। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করলে জনগণের উপকার হয় না। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিতে কোনো ত্রুটি থাকলে তা চিহ্নিত করার পাশাপাশি আরও কার্যকর পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।
মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস, অপরাধ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

