রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পাকিস্তানে পুলিশের চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১১

নিউজ ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রদেশটির ডেরা ইসমাইল খান জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, সড়কের পাশে থাকা পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে হামলা চালানো হয়।

প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজি জানান, আত্মঘাতী বোমারু বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে চেকপোস্টে আঘাত হানেন। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এক বিবৃতিতে সংগঠনটি হামলার দায় স্বীকার করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার বেশ কয়েকটির দায় স্বীকার করেছে টিটিপি। পাশাপাশি নিষিদ্ধ বালুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মিও (বিএলএ) দেশটির বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে আসছে। মূলত প্রতিবেশী বালুচিস্তান প্রদেশে সক্রিয় বিএলএ পাকিস্তান থেকে বিচ্ছিন্নতার দাবি করে।

টিটিপি আফগান তালেবান থেকে পৃথক একটি সংগঠন হলেও তাদের মধ্যে মিত্রতাপূর্ণ সম্পর্ক রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ডে টিটিপি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন