রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রাড্ডা এমসিএইচ ভাঙচুরে পুলিশের অবহেলা পেলে ব্যবস্থা: ডিএমপি

নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। ঘটনাটি ঠেকাতে পুলিশের কোনো ব্যর্থতা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, ঘটনাস্থলের কাছেই থানা থাকা সত্ত্বেও কীভাবে ভাঙচুরের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি গভীর রাতে ঘটেছে, খবর পাওয়ার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিল কি না—এসব বিষয় তদন্ত করা হচ্ছে।

ঘটনা তদন্তে দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শনিবারই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনে পুলিশের কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিশনার।

ঘটনাস্থল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তার কাছে মনে হয়েছে, এত বড় ভাঙচুর আধা ঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে করা সম্ভব নয়। এ জন্য কিছুটা সময় ধরে সেখানে ভাঙচুর চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডিএমপি কমিশনার জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি মিরপুর বিভাগের উপ-কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলায় নাম উল্লেখ থাকা একজন আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা মতের ভিত্তিতে ব্যবস্থা নেবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা দখলদারত্ব বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন