ফিলিস্তিন সংকটকে দ্রুত দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকার নীতির প্রতি সমর্থন জানিয়েছে দেশটি।
আন্তর্জাতিক বিরোধ সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে সম্মান করার আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। খবর আনাদোলু এজেন্সির।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে হান ঝেং বলেন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব লঙ্ঘন করে একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করে চীন।
ফিলিস্তিন সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিলিস্তিন সংকটকে যত দ্রুত সম্ভব দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঠিক পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বড় শক্তিগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন হান ঝেং। তার ভাষায়, বড় দেশগুলোর উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজ করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।
মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বানও জানান চীনের ভাইস প্রেসিডেন্ট।
ফিলিস্তিনের শাসনব্যবস্থা নিয়ে হান ঝেং পশ্চিম তীরে কার্যকর শাসনব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানান। এ ক্ষেত্রে ‘ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে’—এই নীতির সঙ্গে সামঞ্জস্য রাখার কথা বলেন তিনি।
একই সঙ্গে গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের কাজেও দ্রুত অগ্রগতির আহ্বান জানিয়েছেন হান ঝেং।
আন্তর্জাতিক বিরোধ নিরসনে সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি। পাশাপাশি জাতিসংঘের কাঠামো এবং নিরাপত্তা পরিষদের কর্তৃত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান চীনের এই শীর্ষ নেতা।

