রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় আইন লঙ্ঘন কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে সরকার কঠোর হাতে তা দমন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি রাজধানীর মিরপুর-১ এলাকায় একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে মাহদী আমিন বলেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় দ্রুত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় সরকারের অবস্থান স্পষ্ট বলেও জানান তিনি।
মাহদী আমিন বলেন, কেউ যদি সরকারের কোনো কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা বা অন্য কোনো পরিচিত ব্যক্তির নাম কিংবা পরিচয় ব্যবহার করে আইন নিজের হাতে তুলে নেয়, তাহলেও আইনি প্রক্রিয়া চলবে। তদন্তের মাধ্যমে দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইন কার্যকর করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, সরকার নিশ্চিত করতে চায় যেন দেশে আইনের শাসন ও আইনের অনুশাসনই প্রাধান্য পায়। কেউ আইন লঙ্ঘন করলে বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোরভাবে তা মোকাবিলা করবে।

