রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পারমাণবিক অস্ত্র তৈরি ‘হারাম’, আইএইএকে প্রবেশের ইঙ্গিত পেজেশকিয়ানের

নিউজ ডেস্ক

ইরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরি ধর্মীয়ভাবে নিষিদ্ধ বা ‘হারাম’।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব কথা বলেন।

আইএইএর পরিদর্শকদের ইরানে প্রবেশের বিষয়ে তিনি বলেন, তারা পরিদর্শনে আসতে চাইলে চলমান আলোচনার মাধ্যমে এ বিষয়ে নির্দিষ্ট সমঝোতা ও চুক্তিতে পৌঁছানো যেতে পারে।

ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন পেজেশকিয়ান। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করা ‘হারাম’।

ইরানের ভেতরে কেউ পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে অনুমতি নেই বলেও মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট।

এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আইএইএ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন ও কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে।

 

তথ্যসূত্র: সিবিএস নিউজ
সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন