রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী দাবি করেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা চালায়। তবে কী কারণে এ হামলা হয়েছে, তা তিনি জানেন না বলে জানান।
তিনি বলেন, সংঘর্ষে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।
ওই শিক্ষার্থী আরও বলেন, তারা নতুন শিক্ষার্থী এবং বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ তাদের ওপর হামলা চালানো হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বক্তব্য পাওয়া যায়নি।

