রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

চাঁদাবাজির অভিযোগ নয়, জমি বিরোধে সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ

নিউজ ডেস্ক

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ উঠলেও পুলিশ বলছে, এর সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পাশের জমির মালিকের সঙ্গে বিরোধের জেরেই এ হামলা হয়েছে এবং সালমানের স্টুডিও হামলার মূল লক্ষ্য ছিল না।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তবে রোববার পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। স্টুডিও কর্মকর্তাদের অভিযোগ, হামলাকারীরা বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে।

এর আগে স্টুডিও থেকে চাঁদা চাওয়া হয়েছিল বলে শুনেছেন জানিয়ে সালমান মুক্তাদির নিজেও চাঁদা না দেওয়ার কারণে হামলা হয়ে থাকতে পারে বলে দাবি করেন।

তবে রোববার ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম প্রিভেনশন, নর্থ) মো. মাহিদুল ইসলাম বলেন, ‘চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।’ তাঁর দাবি, সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি।

তিনি বলেন, নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে।

পুলিশ কর্মকর্তা জানান, হামলার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে দুজনকে আটক করা হয়। পরে রাতে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়।

হামলার পর সালমান মুক্তাদির তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। কয়েকজন কর্মীকেও সেখানে কান্নারত অবস্থায় দেখা যায়।

ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, কিছুক্ষণ আগে স্টুডিওতে হামলা হয়েছে এবং এতে তাঁদের স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন