যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের প্রভাবে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ঝড়ে প্রবল বৃষ্টি, ঝোড়ো বাতাস ও উপকূলীয় বন্যায় অঞ্চলটির জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, নিউইয়র্ক সিটি, বোস্টনসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিপজ্জনক উপকূলীয় বন্যা, ভারী বৃষ্টিপাত ও শক্তিশালী বাতাসের আশঙ্কা রয়েছে।
ঝড়ের প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলে এক লাখের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের বড় একটি অংশ এই অঞ্চলের বাসিন্দা।
নরইস্টারের প্রভাবে বিমান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত এবং ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল হয়েছে।
যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এনডব্লিউএস উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে। এসব এলাকায় রাস্তা পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঝড়ের কারণে বেশ কয়েকটি বড় আয়োজনও বাতিল বা স্থগিত করা হয়েছে। নিরাপত্তার কারণে বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে।
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল করা হয়েছে। এতে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডের পারফর্ম করার কথা ছিল।
এ ছাড়া নিউইয়র্ক রেড বুল ও সেন্ট লুইস সিটি এসসির মধ্যকার পেশাদার ফুটবল ম্যাচও বাতিল হয়েছে। অন্যদিকে বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের ম্যাচটি রোববার ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে নিউইয়র্কে সপ্তাহজুড়ে ঘণ্টায় ৫৫ মাইল বা প্রায় ৮৬ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। এতে গাছ উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

