রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সালমান মুক্তাদিরের অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন, তা বিতর্কের জন্ম দিয়েছে। তার করা ঢালাও অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সালমান মুক্তাদির একদিকে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চাননি এবং চাঁদা চাইলে তিনি নাকি দিতেন। আবার তিনি বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেছেন। এ ধরনের ঢালাও অভিযোগের কোনো মানে নেই।

নিজের দিকেও আঙুল তোলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাকে উদ্দেশ্য করে তো বলতেই পারে—গণতন্ত্র, বাকস্বাধীনতা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে অভিযোগটি করেছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন?’

তিনি বলেন, ‘তিনি আক্রান্ত হয়েছেন, সেটা আমরা দেখেছি। আমরা একটি প্রাথমিক তদন্ত করেছি, তবে সেটা খুবই সংক্ষিপ্ত। বিষয়টি আরও বিস্তারিতভাবে তদন্ত করতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে শিগগিরই মামলা হতে পারে।

এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে এবং রোববার সকালে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকে কান্নারত অবস্থায় দেখা যায়।

ভিডিওতে স্টুডিওর ভেতরের পরিস্থিতি দেখিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল… এই পুরো অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন