প্রায় আট বছর পর বাংলাদেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই আসরে বর্তমান চ্যাম্পিয়ন ভারত মূল দল পাঠাতে চাইছে না। সূচির সঙ্গে সংঘাতের কারণে ঢাকায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দল কিংবা রিজার্ভ খেলোয়াড়দের নিয়ে দল পাঠানোর পরিকল্পনা করছে দেশটি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। একই সময়ে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। সূচির এই সংঘাতের কারণে সাফের চেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিকে বেশি গুরুত্ব দিচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন।
সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ৪ থেকে ১৭ নভেম্বর। অন্যদিকে ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৭ নভেম্বর থেকে। ফলে একই সময়ে দুটি প্রতিযোগিতায় মূল খেলোয়াড়দের খেলানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ভারতের মূল দল খেলতে পারে। আর সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশনে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় অথবা রিজার্ভ খেলোয়াড়নির্ভর দল পাঠানোর সম্ভাবনা রয়েছে।
ভারতের কোচ খালিদ জামিলও নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তিশালী দল নিয়ে মাঠে নামার পক্ষে। ২০২৬ বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচকে জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়াকে জামিল বলেন, ‘যখন ফিফা বিশ্বকাপে খেলা দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তাব এল, তখন আমি ফেডারেশনের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছি।’
ভারতের এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিদ্বন্দ্বিতায় এর প্রভাব পড়তে পারে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে খেলবে মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে।
অন্যদিকে স্বাগতিক বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। দীর্ঘ বিরতির পর বাংলাদেশে ফিরতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের মূল দল না এলে টুর্নামেন্টের লড়াইয়ের সমীকরণেও পরিবর্তন আসতে পারে।

