সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগরের বিভিন্ন থানার ওসি বদলি এবং বিশেষ করে শাহ আলী থানার ওসি প্রত্যাহারের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, শুধু বদলি করাই সমস্যার সমাধান কি না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বদলি প্রশাসনিক কারণে হতে পারে। আবার কর্তব্যে অবহেলা কিংবা কোনো বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলেও বদলি করা হয়। তবে বদলির পরও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাকিবুল হাসানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা হয়েছে। একাধিক সংস্থা বিষয়টি তদন্ত করেছে এবং তার বিরুদ্ধে মামলা ও বিভাগীয় কার্যক্রম চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকরা ওই সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন তৎকালীন ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান। অডিওটিতে পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ বিষয়, কর্মকর্তা পদায়নসহ বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য শোনা যায়। তবে রাকিবুল হাসান ওই অডিও নিজের নয় বলে দাবি করেছিলেন এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছিলেন।

অডিওটি ছড়িয়ে পড়ার পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়। পরে বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছিল।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। ২৪ সেপ্টেম্বর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটির তদন্ত ও রাকিবুল হাসানের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রমের বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন