বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীন ভৌগোলিক ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ দুই দেশ। ঐতিহাসিক বন্ধনের মধ্য দিয়ে গড়ে ওঠা দুই দেশের সম্পর্ক বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত হচ্ছে।
তিনি বলেন, চীনের ইউনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে পরিবহন, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে।
চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইউনানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ ‘বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর’ বাস্তবায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, কয়েক দশক ধরে বাংলাদেশ ও চীনের বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক সংগঠন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফর ও পারস্পরিক যোগাযোগ সহযোগিতার সম্পর্ককে আরও নতুন মাত্রা দিয়েছে।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের পারস্পরিক উন্নয়ন, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে চীনা দূতাবাস একটি সেতু হিসেবে কাজ করে যাবে। বাংলাদেশের বিভিন্ন খাতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ সমৃদ্ধি অর্জনে চীন তার সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইউনান প্রাদেশিক কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য চাও চুনমিন।
বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

