রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিউজ ডেস্ক

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ২৭৮ জনকে আটক করে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্যে আরও ২৪ জনের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করছিল পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, আটক ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৪ জনের বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। যাচাই শেষে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ কর্মকর্তারা জানান, জাসদের নেতাদের কাছ থেকে দলীয় নেতাকর্মীদের একটি তালিকা নেওয়া হয়েছে। ওই তালিকা ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে পরিচয় শনাক্ত হওয়ার পর ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়। অন্যদের পরিচয়ও একইভাবে যাচাই করা হচ্ছে।

পরিচয় ও সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর অবশিষ্ট ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এ ঘটনায় রোববার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন