রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ: জ্বালানি মন্ত্রী

নিউজ ডেস্ক

দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জ্বালানি মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বাংলাদেশেও জ্বালানি সংগ্রহে সাময়িক জটিলতা তৈরি হয়েছিল। এর পাশাপাশি জ্বালানি কেনার পরও তা দেশে আনা সম্ভব না হওয়া এবং একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিটে (এফএসআরইউ) আগুন লাগার ঘটনাও সরবরাহে বিলম্বের অন্যতম কারণ।

তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে। তবে বর্তমানে এসব জটিলতা কাটিয়ে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পথে রয়েছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমানে জ্বালানি সরবরাহের লাইন স্বাভাবিক হয়েছে এবং দেশে জ্বালানি আসছে। সরবরাহের শিডিউলও নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

সরকার ইচ্ছাকৃতভাবে জ্বালানি সংকট তৈরি করেনি দাবি করে মন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি কমাতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনের সময় বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। তবে জ্বালানি সরবরাহে ঘাটতি ও দুর্ঘটনার কারণে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লেগেছে। প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে উদ্যোগ নেওয়ায় দ্রুত সমাধান সম্ভব হয়েছে এবং সংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করেছেন।

জনগণ যাতে জ্বালানি সরবরাহ নিয়ে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান জ্বালানি মন্ত্রী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন