রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ছাত্র আন্দোলনের চাপে পতন হলো আরেক দেশের সরকারের

নিউজ ডেস্ক

দীর্ঘদিনের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচ পদত্যাগ করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক সংকট নতুন পর্যায়ে পৌঁছেছে।

ভুচিচের পদত্যাগের পর পার্লামেন্টের স্পিকার ও তার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র আনা ব্রনাবিচ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। আগামী ২৫ অক্টোবর সার্বিয়ায় আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রায় দুই বছর ধরে সার্বিয়ায় ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ চলছে। ২০২৪ সালের নভেম্বরে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর এই আন্দোলনের সূত্রপাত। পরে দুর্নীতি, স্বচ্ছতার অভাব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ সামনে এনে বিক্ষোভ আরও বিস্তৃত হয়।

ছাত্র আন্দোলনকারীরা বর্তমানে ‘Students Win’ ব্যানারে আগাম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের প্রার্থী তালিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা রয়েছেন। নির্বাচনী কর্মসূচিতে দুর্নীতির তদন্ত, সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর মতো বিষয় গুরুত্ব পেয়েছে।

ভুচিচ ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে সার্বিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। সংবিধান অনুযায়ী তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ না থাকায় তিনি এবার আগাম সংসদ নির্বাচনে নিজের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির হয়ে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে আন্দোলনকারীদের অভিযোগ, সরকার দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করেছে। ভুচিচ ও তার মিত্ররা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন