দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে দ্রুত দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। দেশের কোথাও দখলদারিত্ব বা চাঁদাবাজির ঘটনা ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলামের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন বলে দাবি করেন এনসিপির আহ্বায়ক।
তিনি বলেন, সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি চাওয়া হলে তিনি অনেক সময় রাজপথের বক্তব্য ও সংসদের বক্তব্য আলাদা বলে বিষয়টি এড়িয়ে যেতেন।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, তিন ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাঁর দাবি, এ ঘটনায় স্থানীয় বিএনপির সংশ্লিষ্টতা এবং একজন নারী সংসদ সদস্যের নাম এসেছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের নীরবতার কারণে ঘটনাটি ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ বলেন, ঢাকার মতো একটি শহরে কয়েক ঘণ্টা ধরে একটি প্রতিষ্ঠানে ভাঙচুর চলবে এবং প্রশাসন তা ঠেকাতে পারবে না—এটি স্বাভাবিক হতে পারে না।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব, চাঁদাবাজি ও বিশৃঙ্খলার যে অভিযোগ উঠেছে, রাড্ডা সেন্টার এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অফিসে ভাঙচুরের ঘটনাও তারই ধারাবাহিকতা।
এনসিপির আহ্বায়ক বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তাঁর ভাষায়, দেশে কার্যকরভাবে কোনো আইনশৃঙ্খলা বাহিনী আছে কি না, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, সরকার আগে বলেছিল নির্বাচিত সরকার দায়িত্ব নিলে ‘মব’ বা সংঘবদ্ধ বিশৃঙ্খলা বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু তাঁর দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং সরকার নিজেদের দলীয় নেতাকর্মীদেরও নিয়ন্ত্রণ করতে পারছে না।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

