বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হলেও এবার সংখ্যাটি বাড়িয়ে ১০০ জন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষককে এ সম্মাননার আওতায় আনা হবে। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।
সভায় ড. মাহদী আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হয়ে আসছে। এ বছর প্রথমবারের মতো সেই সংখ্যা বাড়িয়ে ১০০ জন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিক থেকে তৃতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষককে এ সম্মাননার জন্য বিবেচনা করা হবে।
শিক্ষা উপদেষ্টা জানান, শুধু প্রাথমিক শিক্ষকরাই নন, মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদরাসা শিক্ষকরাও এ সম্মাননার জন্য বিবেচিত হবেন। পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও থাকবেন তালিকায়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখা থেকেও গুণী শিক্ষক নির্বাচন করা হবে বলে জানান তিনি।
শিক্ষকদের অবদানকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া এবং বিভিন্ন স্তরের শিক্ষকদের উৎসাহিত করতেই এবারের সম্মাননার পরিধি বাড়ানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

