রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সংস্কারকাজ শুরু রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে, পুনঃস্থাপন সাইনবোর্ড

নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের চতুর্থ দিনে সংস্কারকাজ শুরু হয়েছে। একই সঙ্গে হামলার পর টাঙানো অন্য একটি সাইনবোর্ড সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড পুনরায় স্থাপন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি খোলা আকাশের নিচেই স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখা হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে কেন্দ্রটির ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার ও সংস্কারের কাজ চলছে।

ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। দ্রুততার সঙ্গে কাজ শেষ করে আগামী এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রটির সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে।

এদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের পেছনে কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

এর আগে ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার পর স্বাস্থ্যকেন্দ্রটির জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছিল বলে ক্লিনিক কর্তৃপক্ষ অভিযোগ করে। সোমবার সেটি সরিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড পুনরায় স্থাপন করা হয়।

ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২৮ সেপ্টেম্বর থেকেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা চালু করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন