থাইল্যান্ডে চলতি মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই দেশটির পূর্বাঞ্চলীয় বিভিন্ন প্রদেশের বাসিন্দা। তবে রাজধানী ব্যাংককে এখন পর্যন্ত বন্যায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে শহরটিকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে।
দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন অধিদপ্তরের (ডিডিপিএম) তথ্য অনুযায়ী, ব্যাংকক ছাড়া দেশের ২৭টি প্রদেশে বন্যায় পাঁচ লাখের বেশি পরিবার ও প্রায় ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
রাজধানী ব্যাংককেও বন্যার প্রভাব পড়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ৫২ হাজার পরিবার। গত শনিবার প্রায় ৪৮ ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়।
সোমবার ডিডিপিএম জানিয়েছে, ব্যাংককের বিভিন্ন এলাকায় পানির উচ্চতা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে শহরের কিছু এলাকায় এখনও পানি জমে আছে। এএফপির সাংবাদিকরা ব্যাংককের কয়েকটি এলাকায় বাসিন্দাদের উরুসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখেছেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর বিভিন্ন স্কুল বন্ধ রাখা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সকালে শহরের সড়কগুলোতেও স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহন ও মানুষের চলাচল কম ছিল।
সরকারের মুখপাত্র এক্কাপব পিয়ানপিসেস এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ব্যাংককের কিছু এলাকায় এখনও পানির উচ্চতা বেশি রয়েছে।
থাইল্যান্ডে বর্ষাকালে ভারী বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। সাধারণত সেপ্টেম্বর দেশটির সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সময়। তবে স্থানীয় অনেক বাসিন্দার মতে, চলতি বছরের পরিস্থিতি আগের কয়েক বছরের তুলনায় বেশি দুর্ভোগ তৈরি করেছে।

