একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। একই সঙ্গে ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নির্বাচন নিশ্চায়ন বাতিল না করা এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করায় জটিলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন—যেসব শিক্ষার্থী এখনো আবেদন করেননি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, মনোনয়ন পাওয়ার পরও নির্বাচন নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে পারেননি এবং ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেননি।
নতুন সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদন ও নির্বাচন বাতিল হয়ে যাবে।
এ ছাড়া মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে শুধু কলেজের পছন্দক্রম নির্বাচন বা প্রয়োজন অনুযায়ী সংশোধন করতে হবে।
শিক্ষার্থীদের আবেদন করার সময় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে আবেদন করার আগে নিজের কোটার যোগ্যতা সঠিকভাবে যাচাই করে নেওয়ার কথাও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

