সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক নয় কেন, হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না হওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিটকারী আইনজীবী ইসরাত জাহান অমি এ রিট আবেদন করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, কোনো মাদকাসক্ত ব্যক্তি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য নির্বাচনি বিধিমালা সংশোধন করে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত। সরকারি হাসপাতাল অথবা অনুমোদিত (সার্টিফায়েড) ল্যাবরেটরিতে এ পরীক্ষা করার বিধান রাখারও দাবি জানানো হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অনি। শুনানি শেষে তিনি বলেন, বর্তমানে প্রচলিত নির্বাচনি আইন ও বিধিমালায় প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে কোনো স্পষ্ট বাধ্যবাধকতা নেই। অথচ সরকারি চাকরিজীবী ও পুলিশ সদস্যদের নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক।

তিনি বলেন, সংসদ সদস্য কিংবা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হিসেবে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন, তাদের মাদকমুক্ত এবং সুস্থ মানসিকতার অধিকারী হওয়া প্রয়োজন।

রিটে নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্টের বাধ্যবাধকতা যুক্ত করতে সংশ্লিষ্ট নির্বাচনি বিধিমালা সংশোধনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন