সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সাংবাদিকদের অধিকার ও কল্যাণে সরকার কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে একটি সুস্পষ্ট কাঠামো প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য কাঠামো তৈরির কথা বলেছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর কনসালটেশন সভায় এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। সভায় আগের বৈঠকে পাওয়া মতামতের ভিত্তিতে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা যেন প্রকৃত সাংবাদিকরাই পান, তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিক নন এমন কেউ যাতে এ সুবিধা নিতে না পারেন, সে জন্য সাংবাদিক ও গণমাধ্যমের সংজ্ঞা স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, প্রকৃত সাংবাদিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক হিসেবে কাদের স্বীকৃতি দেওয়া হবে, সে বিষয়েও পরিষ্কার ধারণা থাকা দরকার। এ জন্য পেশাগত স্বীকৃতির একটি কার্যকর কাঠামো তৈরির প্রস্তাব দেন তিনি।

সাংবাদিকদের স্বীকৃতির ক্ষেত্রে বার কাউন্সিলের মতো কোনো ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট মতামতও চান তথ্য প্রতিমন্ত্রী।

সভায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, একুশে টেলিভিশনের সিইও আবদুস সালাম, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও মোস্তফা আকমল, লেখক ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত, ইআরএফের সাবেক সভাপতি শারমিন রিনভী, দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী ও ইউএনবির ডেপুটি এডিটর মাসউদুল হকসহ অনেকে বক্তব্য দেন।

এ ছাড়া সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন