প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। তবে এ সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দুই দেশের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক ও উপযুক্ত সময়েই এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ভারতীয় হাইকমিশনার জানান, মঙ্গলবারের বৈঠকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। এ সময় বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, বৈঠকটি ইতিবাচক হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতিও ইতিবাচক। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দীনেশ ত্রিবেদী বাংলাদেশের মানুষের প্রতিও ভারতের ইতিবাচক মনোভাবের কথা জানান।
এর আগে ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণের বিষয়টি একাধিকবার প্রকাশ্যে এসেছে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে সরকারপ্রধান পর্যায়ে বৈঠকের প্রয়োজনীয়তার কথাও ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে।
তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের আলোচনার অগ্রগতি ও সরকারপ্রধানদের সময়সূচির ওপরই সম্ভাব্য সফরের সময় নির্ভর করছে।

