রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী একটি বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণ জানিয়েছে ইসলামাবাদ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, বিষয়টি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। ফ্লাইটের রুট নির্ধারণ ও আকাশসীমা ব্যবহারের অনুমোদনসংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত বিষয়েই এ পরিস্থিতি তৈরি হয়েছে।
হাইকমিশন জানায়, কূটনৈতিক ফ্লাইট ও আকাশসীমা ব্যবহারের আবেদন দেশটির প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচল প্রটোকল ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হলে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তনও হতে পারে।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুরের জ্বালানি বহনকারী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে সেটি আসতে পারেনি।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, অক্টোবর থেকে আবার ইউরেনিয়াম সরবরাহ শুরু হবে এবং বছরের শেষ নাগাদ নির্ধারিত চালানগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

