শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে গুপ্ত ও নিষিদ্ধরা নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে দেশের মানুষ শেখ হাসিনাকে আর মেনে নেবে না।
বিএনপিকে পতনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। ষড়যন্ত্র বা ভয়ভীতি দেখিয়ে দলটিকে দমিয়ে রাখা যাবে না।
তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার কাজ করছে। সন্ত্রাস, নৈরাজ্য বা ষড়যন্ত্রের মাধ্যমে এ অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা বরদাশত করা হবে না।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী দাবি করেন, হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা হয়েছে। এ ঘটনায় জামায়াতের এক সংসদ সদস্যের জামাই গ্রেপ্তার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে মশাল মিছিল বের করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা।

