সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

হযরত শাহজালাল থার্ড টার্মিনাল: ব্যয় বাড়ল ৮৪৮ কোটি

নিউজ ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) প্রকল্প তৃতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। এতে নতুন করে ব্যয় বেড়েছে ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা। ফলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকা। একই সঙ্গে মেয়াদ এক বছর বাড়িয়ে আগামী বছরের জুন পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটির তৃতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের আওতায়ই শাহজালালে থার্ড টার্মিনাল নির্মাণ হচ্ছে।

বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকী জানান, প্রকল্পের সময় ও ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্ভাব্যতা যাচাইয়ের দুর্বলতার কারণে প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় বেড়েছে বলেও জানান তিনি।

সম্ভাব্যতা যাচাইয়ে অবহেলার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই আরও যথাযথভাবে করতে একটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।

২০১৬ সালে প্রকল্পটি অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা এবং মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। পরে মেয়াদ ও ব্যয় বাড়িয়ে ২০২৫ সালের জুন করা হয়। দ্বিতীয় সংশোধনীতে ব্যয় দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি ৫২ লাখ টাকা।

তৃতীয় সংশোধনীর পর মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় প্রকল্পটির ব্যয় বেড়েছে ৭ হাজার ৭৪৫ কোটি টাকা।

প্রকল্পে সরকার দিচ্ছে ৫ হাজার ১১৬ কোটি টাকা। বাকি ১৭ হাজার ৯৭ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন