প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে—এ বিষয়ে ‘১২০ শতাংশ নিশ্চিত’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে সফরের মাস বা তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময় জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, সফরের তারিখ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। মাস বা দিন—কোনোটিই নির্ধারণ করা হয়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে তিনি নিশ্চিত করেন।
তিনি বলেন, সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। যথাযথ প্রস্তুতি নিশ্চিত করেই দুই দেশের নেতাদের সুবিধাজনক সময়ে বৈঠক হওয়া উচিত।
এর আগে মঙ্গলবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দীনেশ ত্রিবেদী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পরিকভাবে সুবিধাজনক সময় নির্ধারণ করলে সফরটি হবে বলেও জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। তবে দুই দেশের নেতাদের সরাসরি বৈঠকের মাধ্যমে এসব বিষয়ে আলোচনা ও সমাধানের পথ তৈরি হতে পারে। পানি, বাণিজ্য, খেলাধুলা, সংস্কৃতি ও মানুষের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন ভারতীয় হাইকমিশনার।
এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান জানিয়েছেন, তার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি।
সাম্প্রতিক সময়ে দুই দেশের পক্ষ থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

