সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে হকার-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, গাড়িতে আগুন

নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া, গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে হোপ মার্কেট এলাকার ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানের সময় মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদ করা হচ্ছিল। এ সময় বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে হকারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা সংগঠিত হয়ে ডিএনসিসির দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

খবর পেয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, হোপ মার্কেট এলাকায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

পরিদর্শন শেষে তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জনগণের চলাচলের অধিকার নিশ্চিত করতে ডিএনসিসির পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে।

হকারদের বিষয়ে প্রশাসক বলেন, তাদের নিয়ে উত্তর সিটি করপোরেশনের কার্যালয়ে সভা এবং মুকুল ফৌজ মাঠে জনসভা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ফুটপাতে কেউ বসবেন না। একই সঙ্গে তাদের জন্য বিকল্প ব্যবস্থার কথাও জানানো হয়েছিল।

তিনি বলেন, বিকল্প ব্যবস্থার অংশ হিসেবে ডিএনসিসির পক্ষ থেকে ২০৪টি রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে। এসব কার্ডের মাধ্যমে হকাররা বৈধ ও অস্থায়ীভাবে নির্ধারিত স্থানে ব্যবসা করতে পারবেন। তবে কিছুদিন পর তারা আবার ফুটপাতে বসতে শুরু করেন।

প্রশাসক বলেন, ফুটপাত সাধারণ মানুষ, অফিসগামী ব্যক্তি ও ব্যবসায়ীদের চলাচলের পথ। সেখানে হকারদের বসতে দেওয়া যাবে না। ফুটপাত দখলের কারণে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করেন, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব।

মিরপুরের ঘটনার বিষয়ে তিনি বলেন, অপ্রীতিকর ঘটনার পর এলাকার সাধারণ মানুষ তাদের প্রতিহত করেছে এবং দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে। দেশকে উত্তপ্ত ও অরাজক পরিস্থিতি তৈরির জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এতে কোনো লাভ হবে না। জনগণের ফুটপাত জনগণকে বুঝিয়ে দেওয়া হবে।’

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন