সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই জবাব দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ আখ্যা দিয়ে কেউ বক্তব্য দিলে তার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হচ্ছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, এ ঘটনায় নির্মোহ তদন্ত চলছে। একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত যাদের অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয়কে তদন্তে কোনো ছাড়ের ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে না।

মিরপুরের ইসিবি চত্বর এলাকায় জমি দখল ও গোলাগুলির ঘটনায় মামলা নথিভুক্তের প্রক্রিয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজাহার পাওয়ার পর আইন অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই করে মামলা নেওয়া হচ্ছে। এখানে কোনো ধরনের প্রভাব খাটানোর সুযোগ নেই।

তিনি বলেন, ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়, কয়েকজনকে গ্রেপ্তার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে। বিষয়টি তদন্তাধীন।

এজাহার পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা হিসেবে নথিভুক্ত না করার কারণ ব্যাখ্যা করে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিক যাচাই ছাড়া এজাহারের সব তথ্য সরাসরি মামলা হিসেবে নথিভুক্ত করা হলে নিরপরাধ ব্যক্তিদেরও আসামি করার ঝুঁকি থাকে। তাই আইন অনুযায়ী প্রাথমিক যাচাই শেষে মামলা গ্রহণ করা হয়।

মিরপুরের ঘটনায় সরকার বা বিএনপিকে ঢালাওভাবে দায়ী করার সমালোচনা করে তিনি বলেন, ঘটনাটিকে কেন্দ্র করে কেউ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই তার বিচার করবে। তার দাবি, ওই ঘটনায় চাঁদাবাজির কোনো ঘটনা ছিল না এবং সংশ্লিষ্ট ব্যক্তি নিজেও তার কাছে চাঁদা চাওয়ার কথা বলেননি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনায় যেই জড়িত থাকুক—নিউগিনি প্রপার্টিজ হোক বা আশপাশের জমির মালিক—সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে। তদন্ত শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক শান্তি বজায় রাখতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। বিচ্ছিন্ন একটি-দুটি ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।

সকালে মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের সংঘর্ষের ঘটনাটিও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অভিযানের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আগে থেকে পুলিশের সঙ্গে যথাযথভাবে সমন্বয় করেননি। বিষয়টিকে তিনি সমন্বয়ের ঘাটতি হিসেবে উল্লেখ করেন।

এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি অতীতের যেকোনো সময়ের তুলনায় প্রশংসনীয় পর্যায়ে রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন