দেশের কোথাও কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে মন্ত্রী বলেন, দেশে এলপিজির সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কিছু এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। সরবরাহ স্বাভাবিক থাকার পরও কোথাও কেন সংকট দেখা দিচ্ছে এবং অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কেন—তা যাচাই করে দেখতে হবে।
এ বিষয়ে জেলা প্রশাসকদের সংশ্লিষ্ট এলাকায় খোঁজ নিয়ে তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেন তিনি। কোথাও সরবরাহে ঘাটতি থাকলে এর কারণও প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া তথ্য পর্যালোচনার পর আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেসব এলাকায় এলপিজির সরবরাহ তুলনামূলক কম পাওয়া যাবে, সেসব এলাকায় সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
জ্বালানি মন্ত্রী সতর্ক করে বলেন, কেউ কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় আরও সজাগ ও সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।

