দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অব্যবহৃত সম্পদ পুনরায় কাজে লাগানো এবং ডাক বিভাগের আধুনিক পার্সেল সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম, মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী এবং সাইদ উদ্দিন আহমাদ হানজালা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার জনবল, কার্যক্রম, সাম্প্রতিক অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ খাতের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, তরঙ্গ ব্যবস্থাপনা, দেশীয় টেলিযোগাযোগ শিল্প, ডাক বিভাগের পার্সেল সেবা এবং দেশজুড়ে ওয়াই-ফাই সেবার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সাধারণ মানুষের ভূমিসেবা পাওয়ার মান উন্নয়ন, ডাক বিভাগের ডেটাবেইজে দেশের নাগরিকদের নির্ভুল ঠিকানা সংরক্ষণের ব্যবস্থা এবং শক্তিশালী ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সম্প্রসারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষম বাংলাদেশ গড়ে তোলা, ক্যাশলেস লেনদেন বাড়াতে ডিজিটাল পেমেন্টের প্রসার এবং সার্বক্ষণিক কলসেন্টারের মাধ্যমে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সাইবার নিরাপত্তা জোরদার এবং শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য নেওয়া বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেয় কমিটি।
তরুণ ও নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে সরকারি টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের দুর্বল সেবার মান উন্নয়ন করে গ্রাহকবান্ধব করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

